বনানী বিশ্বাস
মোট দেড় ডজন কিশোর গল্প মলাটবন্দি হয়ে প্রকাশিত হল ৩১ আগস্ট রবিবার। পুজোর ঠিক আগে। উত্তরবঙ্গের জল হাওয়ায় যাপিত কোনও লেখকের কলম থেকে এতগুলি কিশোর গল্প একসঙ্গে পাওয়ার আনন্দই আলাদা। ছোটদের কাছে পুজোর এই উপহার একেবারে অনবদ্য। যে আঠারোটি গল্প বইটিতে আছে তাদের প্রত্যেকের স্বাদ আর গন্ধ আলাদা। গল্পগুলিতে যেমন খুঁজে পাওয়া যাবে খেলার মাঠের দুরন্ত সব ঘটনা, তেমনি আজকের দিনে উবে যেতে বসা মানবিক মূল্যবোধের অসাধারণ সব গল্পগুলি শুধু শিশুকিশোর নয়, বড়দেরও অনুপ্রাণিত করবে। এসবের মধ্যেই আবার রয়েছে হাসির গল্প, বন্ধুত্ব, রোমাঞ্চ কিংবা পরিবেশ সচেতনতার কথাও। প্রতিটি গল্পই প্রাণবন্ত। আর এতো প্রাণবন্ততার কারণ লেখক নিজে। বলা হয়, ছোটদের জন্য লিখতে হলে মনটাও শিশুসুলভ হতে হয়। সরল হতে হয়।
রবিবার জলপাইগুড়িতে ‘১৮টি কিশোর গল্প’ বইটির প্রকাশ অনুষ্ঠানও হল জাঁকজমকভাবে। সেই বই প্রকাশ অনুষ্ঠানের সাক্ষী থাকতে শিলিগুড়ি ও জলপাইগুড়ির প্রায় সমস্ত কবি লেখক হাজির হয়েছিলেন জলপাইগুড়ি বইঠেকখানা ক্যাফেতে।
ছোটদের বোঝার মতো মানসিকতা থাকতে হয়। মোট কথা হয়ে উঠতে হয় অনুসন্ধিৎসু, ছোটদের মতোই কৌতূহলপ্রবণ। যার প্রতিটি গুণ বিদ্যমান আছে এই গল্পগুলির লেখকের মধ্যে। অত্যন্ত মিশুকে আদ্যপ্রান্ত ভালো একজন মানুষ। আর তিনি হলেন মৃগাঙ্ক ভট্টাচার্য। যিনি শুধু একা লিখে লেখক হতে কুণ্ঠা বোধ করেন, বরং চারপাশের মানুষকে লেখায় উৎসাহিত করে একটি লেখক-পরিবার তৈরির চেষ্টা করেন। সেই চেষ্টা থেকেই তিনি দীর্ঘদিন ধরে চালিয়ে যেতে পারছেন ‘গল্প নিয়ে আড্ডা’। যার মধ্যে দিয়ে উত্তরবঙ্গে গল্পকারদের ভিড় বাড়ছে জলপাইগুড়িতে। এমন একজন লেখকের কিশোর গল্প সংকলন নিয়ে আগ্রহ থাকবে, সেটাই স্বাভাবিক।
রবিবার জলপাইগুড়িতে সেই ‘১৮টি কিশোর গল্প’ বইটির প্রকাশ অনুষ্ঠানও হল জাঁকজমকভাবে। সেই বই প্রকাশ অনুষ্ঠানের সাক্ষী থাকতে শিলিগুড়ি ও জলপাইগুড়ির প্রায় সমস্ত কবি লেখক হাজির হয়েছিলেন জলপাইগুড়ি বইঠেকখানা ক্যাফেতে। হাজির ছিলেন অনিন্দিতা গুপ্ত রায়, সুতপা সাহা, সেবন্তী ঘোষ, বিমল দেবনাথ, জয়শীলা গুহবাগচী, শাঁওলি দে, মণিদীপা নন্দী বিশ্বাস, প্রাক্তন পুলিশ কর্তা অচিন্ত্য গুপ্ত, শাশ্বতী চন্দ, শিশির রায় নাথ, শুভাশিস ঘোষ প্রমুখ।

২০০৯-২০২৫ সাল, এই ১৬ বছর ধরে লেখক যে কিশোরগল্পগুলি লিখেছেন, তার মধ্যে থেকে বাছাই ১৮টি গল্প রয়েছে বইটিতে। মুখবইয়ে লেখক স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে লেখা গল্পগুলি তিনি হারিয়ে ফেলেছিলেন। এরপর অনেক পরিশ্রমের পর কিছু গল্প উদ্ধার করতে পেরেছেন। সেসবই মলাটবন্দি হয়েছে। বাংলার পাঠক এতে করে মৃগাঙ্ক ভট্টাচার্যের কিশোর গল্প পড়ার সুযোগ পাবেন। প্রচ্ছদের যাবতীয় কাজ করেছেন দেবাশিস সাহা।। মালদার উড়ান প্রকাশনী যত্ন সহকারে বইটি প্রকাশ করেছে। হাতে নিলেও আলাদা অনুভূতি কাজ করবে।
‘১৮টি কিশোর গল্প’
লেখক – মৃগাঙ্ক ভট্টাচার্য
প্রকাশক – উড়ান প্রকাশনী
প্রচ্ছদ – দেবাশিস সাহা







