দুরন্ত প্রতিবেদন: হারের হ্যাটট্রিক। আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকার পর এবার শ্রীলঙ্কা। বৃহস্পতিবার চিন্নাস্বামীতে শ্রীলঙ্কার কাছে হেরে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার আশা শেষ হয়ে গেল ইংল্যান্ডের। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হারতে হয়েছে তাদের। একমাত্র বাংলাদেশের বিরুদ্ধে জয় এসেছে। এতে করে হতশ্রী চেহারা সামনে চলে এসেছে জস বাটলারের দলের। অঘটনের আশা থাকলেও শেষ চারে থাকা আর হল না ব্রিটিশদের। ২৬ অক্টোবর মরণ-বাঁচন ম্যাচ ছিল দু’দলের। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকার লক্ষ্য ছিল। কিন্তু সব বিভাগেই মাত করে দিল শ্রীলঙ্কা। বোঝা যাচ্ছিল না যে এই ইংল্যান্ড আগের বিশ্বকাপ জিতেছে। এদিন কার্যত ল্যাজেগোবরে হয় বিশ্বচ্যাম্পিয়নরা। ৫০ ওভার ব্যাট করার মানসিকতাই দেখা যায় নি ক্রিকেটারদের। টসে জিতে ব্যাটিং নেন বাটলার। কিন্তু ৩৩.২ ওভারে ১৫৯ রানে অলআউট ইংল্যান্ড। জবাবে ১৪৬ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয় শ্রীলঙ্কার। ২৫.৪ ওভারে জয়সূচক রানে পৌঁছে যায় লঙ্কা। অথচ শুরুটা খারাপ করেনি ইংল্যান্ড। প্রথম উইকেটে ৪৫ রান যোগ করেন জনি বেয়ারস্টো (৩০) এবং দাভিদ মালান (২৮)। এরা আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ডের ইনিংস। মিডল অর্ডার ডাহা ব্যর্থ। খারাপ ফর্ম অব্যাহত বাটলারের (৮)। একমাত্র বেন স্টোকস কিছুটা চেষ্টা করেন। ৭৩ বলে ৪৩ করে আউট হন। বাকিরা ফ্লপ। ৩ উইকেট নেন লাহিরু কুমারা। মহেশ পথিরানার পরিবর্তে দলে যোগ দেওয়া অ্যাঞ্জেলো ম্যাথিউসও জোড়া উইকেট পান। রান তাড়া করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারায় শ্রীলঙ্কা। ৪ রানে ফিরে যান কুশল পেরেরা। রান পাননি কুশল মেন্ডিসও। ১১ রানে আউট হন লঙ্কার নেতা। ২৩ রানে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে জয়ে পৌঁছে দেন পাথুম নিশাঙ্কা (৭৭) এবং সাদিরা সামারাবিক্রমা (৬৫)। ১৩৭ রান যোগ করে এই জুটি। জয়ের ফলে ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এল শ্রীলঙ্কা। অন্যদিকে আরও একধাপ নীচে নামল ইংল্যান্ড।
এই ক্যাটাগরির আরও খবর

বিরাট সেঞ্চুরি, শামির সাত উইকেট, যুগ পেরিয়ে বিশ্বকাপ জয়ের কাছাকাছি ভারত

দুরমুস দক্ষিণ আফ্রিকা, ইডেনে বড় জয় ভারতের, শতরানে ‘ঈশ্বর’ ছুঁল বিরাট

ব্রিটিশ বধ, বুমরা-শামির দাপটে ফের একনম্বরে ভারত

রোহিতের হাফ-সেঞ্চুরি, পঞ্চম ভারতীয় হিসেবে ১৮ হাজারের ক্লাবে প্রবেশ

ইডেনে কমলাবাহিনীর দাপট, গর্জাতে পারল না ‘সোনার বাংলা’

বিশ্বকাপ থেকে বিদায়ের পথে পাকিস্তানও

প্যারা এশিয়ান গেমসে ইতিহাস, প্রতিযোগিতার প্রথম চার দিনেই ভারতের পদকের সংখ্যা ৮২



