হেলথ-‌কেয়ার

স্বাস্থ্যে শিলিগুড়ি হবে ‌বাংলার ব্যাঙ্গালোর‌ !‌

সেপ্টেম্বর 23, 2023

স্বাস্থ্য সেবায় শিলিগুড়িকে ‘‌বাংলার ব্যাঙ্গালোর’‌ হিসেবে গড়ে তুলতে প্রাথমিক আলোচনা শুরু হয়েছিল ২০২২ সালের জুলাই মাসে। যে আলোচনা শুরু হয়েছিল মূলত পলিসি টাইমস চেম্বার অব কমার্স (‌পিটিসিসি) এর উদ্যোগে। ২০২২ সালের ডিসেম্বরে পলিসি টাইমসের সৌজন্যে শহরের অভিজাত এক হোটেলে আয়োজন করা হয়েছিল ‘‌ইন্ডিয়া হেলথ কেয়ার সামিট-‌২০২২’‌। যেখানে সমবেত হয়েছিলেন শিলিগুড়ির বিশিষ্ট সব ডাক্তার থেকে দেশের বিভিন্ন রাজ্যের নামী হাসপাতালের কার্যনির্বাহী আধিকারিক থেকে ওষুধ তৈরির সংস্থা ও প্রযুক্তি সংস্থার কর্মকর্তারা। ছিলেন বেশি কিছু বিনিয়োগকারীও। সেই আলোচনায় ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্য বিভাগের প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগম। এবারে সেই আলোচনাকে আরও বৃহত্তর রূপ দিতে এবং শিলিগুড়িকে মেডিক্যাল হাবে রূপান্তরিত করার জন্য আগামী জুলাই মাসে আয়োজন করা হচ্ছে ‘‌দক্ষিণ এশিয়া ‌হেলথ কেয়ার সামিট-‌২০২৩’। যেখানে শুধু দেশের নয়, গোটা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ বিশেষ করে বাংলাদেশ, নেপাল ও ভুটানের স্বাস্থ্য বিষয়ক প্রতিনিধিদলকে হাজির করানো হচ্ছে।

উল্লেখ্য, এখনই দেখা যায় উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ, নেপাল ও ভুটান থেকে প্রচুর মানুষে শিলিগুড়িতে আসেন। সেইসঙ্গে সিকিম, বিহার, অসম থেকেও মানুষ চলে আসেন। ফলে শিলিগুড়ি শহরে যদি আরও অত্যাধুনিক হাসপাতাল, মেডিক্যাল কলেজ গড়ে তোলা যায়, তাতে গোটা দক্ষিণ এশিয়া লাভবান হবে। সেইসঙ্গে শিলিগুড়ির অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে। পিটিসিসি’‌র ডিরেক্টর আক্রাম হক জানান,‘‌শিলিগুড়ি ভৌগলিকভাবেই গুরুত্বপূর্ণ জায়গা। এখানে মেডিকাল হাব গড়ে তোলার সবরকম উপাদান রয়েছে। যেহেতু এটা ট্রানজিট পয়েন্ট, ফলে মানুষের যাতায়াতের সুবিধা এখানে অনেক বেশি। সবদিক মাথায় রেখে আমরা অনেক বড় স্বপ্ন দেখা শুরু করেছি। তবে সেই স্বপ্নকে বাস্তবায়িত করার ক্ষেত্রেও আমরা বদ্ধপরিকর। সেই কাজের জন্যই বিভিন্ন দেশকে নিয়ে শিলিগুড়ি শহরে সম্মেলন করতে চলেছি।’‌

প্রসঙ্গত ২০২২ সালের আলোচনায় আক্রাম হক জানিয়ছিলেন,‘‌এই কাজ এক বা দুই দিনের নয়। আমরা ১৫ বছরের রোড-‌ম্যাপ বানিয়ে কাজ শুরু করছি। বিশিষ্ট মানুষদের নিয়ে আমরা হেলথ কেয়ার কমিটি তৈরি করে এই আলোচনা ধারবাহিকভাবে চালিয়ে নিয়ে যাব। আমরা শুধু দেশ নয়, বিদেশী বিনিয়োগ আনার পথেও হাঁটব।’‌ ৫ মাসের মধ্যেই প্রতিবেশী দেশগুলিকে নিয়ে পলিসি টাইমস হেলথ কেয়ার সামিট করতে চলেছেন। আরও একটি গুরুত্বপূর্ণ খবর হল, বিগত হেলথ কেয়ার সামিটেই মেডিকা গ্রুপ অফ হসপিটালসের চেয়ারম্যান ডাঃ অলোক রায় স্বাস্থ্যখাতে প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেছিলেন। মনে করা হচ্ছে, আগামী সম্মেলনে বিদেশী বিনিয়োগও আসতে পারে।

Leave the first comment