করোনাত্তোর কালে ভাল নেই সংবাদপত্র। ভাল নেই সাংবাদিকরাও। নিউজ পোর্টালের যুগ এসেছে। আজকের সংবাদ কাল জানাবেন ! নৈব নৈব চ। অপেক্ষা করার সময় নেই। পোর্টালের চাহিদা তাই বাড়ছে। খবরের কাগজ কমছে। শুধু দ্রুত সংবাদ পরিবেশন না করতে পারাটাই কারণ নয়। অধিকাংশ সংবাদপত্র রাষ্ট্রের দলদাস হয়ে পড়েছে। পাঠক তাই বিমুখ হচ্ছে। সংবাদপত্র চলে যাচ্ছে ব্যবসায়ীদের হাতে। ব্যবসায়ীরা সরকারকে খুশি করে মুনাফা ঘরে তুলতে ব্যস্ত। সাংবাদিকের স্বাধীনতা হরণ হয়েই চলেছে। শিলিগুড়ি থেকে বেশ কয়েকটি সংবাদপত্র পাততাড়ি গুটিয়ে চলে গেছে। সেইপথে হাঁটছে আরও কয়েকটি কাগজ। একদিকে সংবাদপত্রের অস্তিত্ব সংকটে। অন্যদিকে সাংবাদিকদের নিজস্বতা ছিনিয়ে নিচ্ছে পুঁজিপতিদের দালালেরা। এমন একটা কঠিন সময়ে আমরা নতুন করে সংবাদপত্র প্রকাশের সাহস দেখালাম। তাও আবার সাপ্তাহিক। তবে প্রাথমিকভাবে আমরা ১৫ দিন অন্তর একটি করে সংখ্যা প্রকাশিত করব। অর্থ্যাৎ পাক্ষিক হিসেবে। ‘দুরন্ত সাতদিন’ নতুন কাগজ নয়। ১৩ বছর আগে থেকেই প্রকাশিত হয়ে আসছে গঞ্জ এলাকা থেকে। এবারে উত্তরের অলিখিত রাজধানী থেকে প্রকাশিত হবে। ঢাক ঢোল বাজিয়ে নবজন্ম নিচ্ছে। শিলিগুড়ি শহরেরও মুখপত্রের মতো কাজ করবে বলে আশা রাখি। সকলের সহযোগিতা আশা করে টিম ‘দুরন্ত সাতদিন’। আর এবার পুজো আগে আমরা আসব অনলাইন ভার্সনেও। প্রতিদিন, প্রতিমুহূর্তে দেখা হবে তখন।


