দুরন্ত প্রতিবেদন: নতুন নজির গড়লেন রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ হাজার রান সম্পূর্ণ করলেন ভারতীয় ক্রিকেট দলের এই অধিনায়ক। তিনি পঞ্চম ভারতীয়, যিনি এই মাইলস্টোন ছুঁতে পেরেছেন। এর আগে এই ক্লাবের সদস্য ছিলেন শচীন তেন্ডুলকার, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড় এবং সৌরভ গাঙ্গুলি। রবিবার লক্ষ্ণৌয়ের একানা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬৬ বলে অর্ধশতরান সম্পূর্ণ করেন রোহিত। একদিনের ক্রিকেটে তাঁর ৫৪তম পঞ্চাশ। হিটম্যানের ব্যাটে ভর করে ম্যাচে ঘুরে দাঁড়াল ভারত। বিশ্বকাপের অভিষেক ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল ভারত। মাঝে চার ম্যাচে দাপুটে পারফরম্যান্সের পর আবার ইংল্যান্ডের বিরুদ্ধে শুরুতেই চাপে রোহিত শর্মার দল। ৪০ রানে ৩ উইকেট হারায় ভারত। ব্যর্থ শুভমন গিল (৯), বিরাট কোহলি (০), শ্রেয়স আইয়ার (৪)।

টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান জস বাটলার। শুরুতেই মেড ইন ওভার দেন ডেভিড উইলি। কিন্তু তাঁর দ্বিতীয় ওভারে ১৮ রান নিয়ে সেটা পুশিয়ে দেন রোহিত। চতুর্থ ওভারে ক্রিস ওয়কসের বলের লাইন মিস করে বোল্ড হন শুভমন। ২৬ রানে প্রথম উইকেট হারায় ভারত। ব্যর্থ বিরাটও। খাতাই খুলতে পারেননি। এক রানের মধ্যে দ্বিতীয় উইকেট। ৪৯তম শতরান করে একদিনের ক্রিকেটে শচীন তেন্ডুলকারকে ছোঁয়ার হাতছানি ছিল। কিন্তু ৯ বল খেলে শূন্য রানে আউট হন কোহলি। উইলির বলে স্টোকসের হাতে ধরা পড়েন। ভারতীয় দলে চার নম্বরে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ ছিল শ্রেয়সের সামনে। কিন্তু হাতছাড়া করেন। মাত্র ৪ রানে ফেরেন। একাই লড়ছেন রোহিত। টসের সময় ভারতের নেতা লখনউয়ের পিচের প্রশংসা করেছিলেন। কিন্তু সেই উইকেটই প্রশ্নের মুখে। শুরুতে পিচ থেকে সুবিধা পায় পেসাররা। একইসঙ্গে মন্থর উইকেট। এইধরনের পিচে শুরুতে টিকে থাকাই প্রধান লক্ষ্য হওয়া উচিত ব্যাটারদের। কিন্তু লুজ শট খেলে আউট হন বিরাট এবং শ্রেয়স। শুরুতেই ৩ উইকেট হারানোয় ভারতের রান তোলার গতি অনেক মন্থর হয়ে যায়। ১৫তম ওভারে ৫০ রানে পৌঁছয় ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে দলকে বিপর্যয়ের মুখ থেকে টেনে তুলেছিলেন বিরাট এবং রাহুল। এদিনও ক্রিজে আছেন কেএল। সঙ্গী রোহিত। ছন্দে রয়েছেন ভারত অধিনায়ক। অর্ধশতরান করে ফেলেছেন। ৫৭ রানে অপরাজিত। ২৪ ওভারের শেষে ৩ উইকেট হারিয়ে ভারতের রান ৮৯। দলকে বড় রানের দিকে কি এগিয়ে নিয়ে যেতে পারবেন রোহিত?










