রোমা রেশমী এক্কা। শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি। তিনি ফের সিনেমায় নামতে চলেছেন। এবারে যে সিনেমায় অভিনয় করবেন, তার নাম– ‘বিরসা দ্য হিরো’। তবে কোন্ চরিত্রে অভিনয় করবেন সেটা এখনও ঠিক হয়নি। সম্পূর্ণ আদিবাসী ভাষায় তৈরি হবে পূর্ণদৈর্ঘ্য এই সিনেমা। নতুন এই সিনেমার শুটিং হবে অসম ও উত্তরবঙ্গে। পরিচালক কুশল তান্তি। প্রধান চরিত্রে অভিনয় করবেন অসমের সুজিত লাকড়া। রেইনবো প্রোডাকশন হাউসের এই সিনেমা পুজোর আগেই রিলিজ হবে বলে আশা করা হচ্ছে। রোমা রেশমী এক্কা জানান,‘আমার উদ্দেশ্য আমার আদিবাসী সমাজকে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়া। আদিবাসী সিনেমা তৈরি হবে, সেখানে উত্তরবঙ্গের আদিবাসী তরুণ তরুণীরা অভিনয় করবেন। আদিবাসী ফিল্ম ফেস্টিভ্যাল হবে। এসব স্বপ্ন অনেকদিনের। এবারে ধীরে ধীরে বাস্তবায়িত করতে চাইছি।’
উল্লেখ্য, রোমা রেশমী এক্কা প্রথম সিনেমায় অভিনয় করছেন না। ২০১৮ সালে তিনি কলকাতার চলচ্চিত্র ভবনে ফিল্ম মেকিং নিয়ে লেখাপড়া করেছেন। এরপর আদিবাসী ভাষায় ‘মোর স্বপ্ন’ ও ‘টেম্পার’ নামে দুটি সিনেমাতেও অভিনয় করেছেন। পরবর্তীতে টলিউডে ‘তোমায় আমায় মিলে’ ’কিরিটি’তে কাজ করেছেন। সিনেমায় অভিনয়ের সুবাদেই আদিবাসী সমাজে তার জনপ্রিয়তা রয়েছে। সেই পরিচিতির সুবাদেই মহকুমা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। আর প্রথমবার নির্বাচনে লড়েই বাজিমাত করেছেন।
সিনেমা তৈরি হলেও তার কাহিনী কী হবে, সেই বিষয়ে সামান্য তথ্য জানিয়েছেন রোমা। বলেছেন, একটা বাণিজ্যিক সিনেমা যেমন হয়, তার সমস্ত গুণাবলী থাকবে। অ্যাকশন, রোমাঞ্চ থেকে সব। তবে এই সিনেমার মধ্যে দিয়ে আদিবাসী সমাজকে একটা বার্তা দেওয়ার চেষ্টা হবে। আদিবাসী বিরসা মুন্ডা একসময় ইংরেজদের কাঁপিয়ে দিয়েছিলেন। তিনি ছিলেন মুন্ডা বিদ্রোদের নেতা। অথচ আজকের আদিবাসী সমাজ নিজের অধিকার রক্ষার জন্য সামান্য আন্দোলনেও ভয় পায়। এই সিনেমায় একটু অন্যভাবে সেই বিরসা মুন্ডাকে নিয়ে আসা হবে।









