দুরন্ত প্রতিবেদন: টাকা ছাড়াও ক্যান্সারের চিকিৎসা সম্ভব ? এই প্রশ্নের সহজ উত্তর পাওয়া যাচ্ছে সদ্য যাত্রা শুরু করা ক্যান্সার হাসাপাতাল ‘হোপ অ্যান্ড হিল’এ। উত্তরবঙ্গের গরিব মানুষেরা মনে বিপুল বল পাবেন এখানকার আয়োজন দেখলে। বিশ্বমানের যন্ত্রপাতি, বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে গড়ে তোলা উত্তরবঙ্গের একমাত্র ক্যান্সার হাসপাতালে একটা ৬ তলা বাড়িই বানানো হয়েছে গরিবদের জন্য। যার নাম রাখা হয়েছে ‘মৃন্ময়ী’। উদ্দেশ্য, যে সব রোগীর সামর্থ্য নেই টাকা দিয়ে ডাক্তার দেখানোর, তাঁদের এখানে বিনামূল্যে চিকিৎসা হবে। স্বাস্থ্যসাথী কার্ড থাকলে তো কথাই নেই। ওষুধের দাম ছাড়া এখানে সেভাবে কোনও দাবিই করা হবে না, বলে আশ্বস্ত করা হয়েছে। হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতালের প্রাণপুরুষ ডাঃ সপ্তর্ষি ঘোষ জানান,‘যাদের টাকা পয়সা তারাই শুধু নয়, যাদের টাকা পয়সা নেই, তারাও যাতে প্রাথমিক চিকিৎসা পেতে পারে তার জন্যই আমি মৃন্ময়ী তৈরি করেছি। এখানে বেড ভাড়া দিতে হবে না, চিকিৎসার খরচ দিতে হবে না, ওষুধের দাম দিয়েই পুরো চিকিৎসা পরিষেবা নিতে পারবেন। এর জন্য আমরা দুটি ফ্লোর ডরমেটরির মতো তৈরি করছি। যেখানে রেডিয়েশনের সময় রোগীরা বিনা পয়সায় থাকতে পারবেন।’ ‘হোপ অ্যান্ড হিল’ নামকরণ যিনি করেছেন, সেই অঙ্কোপ্যাথলজিস্ট ডাঃ শ্রেয়সী সরকার জানান,‘আমরা বিনা খরচে চিকিৎসা করলেও ডাক্তার আলাদা থাকবে না। উচ্চবিত্তদের যে ডাক্তার চিকিৎসা করবেন, গরিব রোগীদেরও সেই ডাক্তারই দেখবেন। আমরা কোনও ক্যান্সার রোগীকেই বিনা চিকিৎসায় মারা যেতে দেব না।’ কোচবিহারের এক কান্সার রোগী সুনীতা বর্মন জানান,‘আমাদের মতো গরিব মানুষকে যদি এতটুকু সুবিধা দেওয়া হয়, তবে মৃন্ময়ী আমাদের কাছে মন্দির হয়ে উঠবে।’ শিলিগুড়ি শহরের অদূরে ফুলবাড়ি জটিয়াখালিতে তৈরি হয়েছে এই হাসপাতাল।






