দুরন্ত প্রতিবেদন: এক সময়ের যৌবনবতী মোতিয়া নদী এখন রীতিমত নালায় পরিণত হয়েছে। স্বচ্ছ জলের ধারার পরিবর্তে সেখান দিয়ে বয়ে যায় দূষিত কালো রঙের মবিলের মতো তরল। এক সময় যে নদীতে নদিয়ালী মাছে ভরে থাকতো, সেখানে এখন বাস্তুতন্ত্রই পুরো নষ্ট হয়ে গেছে। নদীর এই করুণ পরিণতি স্থানীয় অনেক বড় বড় মানুষকে নাড়া না দিলেও সেটা দেখে দূরে থাকতে পারেনি স্কুলের পড়ুয়ারা। শিলিগুড়ির গ্রামে থাকা মুরলীগঞ্জ হাই স্কুলের কিছু পড়ুয়া শিক্ষক প্রশান্ত রায়ের সহযোগিতা নিয়ে সেই নদীর দুর্দশার কারণ খুঁজে বের করে। যার কারণ আসলে নদীর পাড়ে থাকা একটি কাগজ কারখানা ও কিছু চা বাগান। আর স্থানীয় মানুষের অসচেতনতা। যে কারণে নদীর মধ্যেই জমা হয় নানারকম জঞ্জাল। তবে এই অনুসন্ধান ভেতরেই চাপ ছিল। তবে সম্প্রতি শিলিগুড়ি মহকুমার স্কুলগুলিকে নিয়ে আয়োজিত ৩১ তম জাতীয় শিশুবিজ্ঞান কংগ্রেসে সেটা জানাজানি হল। কারণ এই বিজ্ঞান কংগ্রেসে খুদে বিজ্ঞানীদের নানান মডেল বানিয়ে আনতে হয়। এক কথায় এই কংগ্রেসের মাধ্যমে খুঁজে বের করা হয় খুদে বিজ্ঞানী। সেখানেই মুরলীগঞ্জ স্কুলের তরফে সমীকা রায় ও তার টিম যে প্রোজেক্ট জমা করেছে সেটাই এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সমীকারা সেই মোতিয়া নদীকে কীভাবে পুরনো চেহারায় ফেরানো যায়, তার পুরো পদ্ধতি জানিয়ে দিয়েছে। বিজ্ঞান কংগ্রেসের ডিস্ট্রিক্ট একাডেমিক কোঅর্ডিনেটর ড. সামসুল আলম জানান, এই প্রোজেক্ট কিছুটা হলেও নদীকে বাঁচানোর প্রেরণা দেবে। যার মধ্যে দিয়ে একটা দিশা খুঁজে পাওয়া যাবে। শুধু এটাই নয়, শিলিগুড়ি বয়েজ স্কুলের পড়ুয়ারা দূষণ মাপার পদ্ধতি তৈরি করেছে। এবং শিলিগুড়ি ভেনাস মোড়ে কতটা দূষণ হয়, তার অনুসন্ধান চালিয়েছে। নরসিংহ বিদ্যাপীঠের পড়ুয়ারা অর্কিডের মধ্যে ওষুধি গুণাগুণ খুঁজে বের করেই রাজ্যস্তরে প্রতিযোগিতার স্বীকৃতি পেয়েছে। এই বিজ্ঞান কংগ্রেসের মেন্টর ড. বিমল চন্দ, প্রণব চন্দরা রীতিমত অভিভূত খুদেদের ভাবনাচিন্তা নিয়ে। ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ড. নীতা মিত্র জানান, এবারের বিজ্ঞান কংগ্রেস থেকে সেরাদের বাছাই করাই কঠিন হয়ে পড়েছিল।
এই ক্যাটাগরির আরও খবর

ছাত্রদের জন্য পায়েস রাঁধলেন শিক্ষকরা, পৌষপার্বণের স্বাদ নিতে স্কুলমুখী ডিআই

মাধ্যমিকের মেধার চূড়ায় চন্দ্রচূড়

জেইই মেইনসে (সেশন-১) রাজ্য সেরা ইরাদ্রি

নতুন প্রজন্মকে সেবায় জড়াতে উদ্যোগ সূর্যসেন কলেজের

পর্যটনকে জনপ্রিয় করতে উত্তরবঙ্গের স্কুল কলেজেও ‘পর্যটন ক্লাব’, পাঠক্রমে পর্যটন



