খেলা

ফ্লাডলাইটে ফুটবল

অক্টোবর 27, 2023

বনানী বিশ্বাস

এটাও ইতিহাস। ক্রিকেটের পর ফুটবল। ফ্লাডলাইটের স্নিগ্ধ আলোয় আয়োজিত হল প্রথম ডিভিশন ফুটবল লিগ।  মনোজ ভার্মার পর সৌরভ ভট্টাচার্য দেখিয়ে দিলেন ‘‌ইচ্ছে থাকলে উপায় হয়’‌। শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের ইতিহাসে প্রথমবার এমন আয়োজন। যদিও ফুটবল সচিব সৌরভ ভট্টাচার্য কখনই এটাকে ব্যক্তিগত প্রচেষ্টা মানতে চান নি। বরং তিনি জানান,‘‌শিলিগুড়িতে খেলার পরিবেশকে আরও ঘনীভূত করতে এটা সার্বিক চেষ্টা। আমরা জানি, এটা লিগে ফুটবলকে পুরনো গরিমায় ফেরানো সম্ভব নয়। তবে আমরা ফুটবলকে নতুন প্রজন্মের মধ্যে নিবিড়ভাবে ছড়িয়ে দিতে চাই। এই আয়োজন তারই ধারাবাহিক কর্মসূচি।’‌
মূলত শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের ৭৫ বর্ষকে স্মরণীয় করে রাখতে চলেছে নৈশকালীন প্রথম ডিভিশন ফুটবল লিগ। ফাইনাল তো বটেই, দু’‌টি সেমিফাইনালও হয়েছে ফ্লাড লাইটে। ২০২৩ সালের ৩১ মে থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে লিগের খেলা শুরু হয়। উদ্বোধনী খেলায় রবীন্দ্র সঙ্ঘ মুখোমুখি হয়েছিল নরেন্দ্রনাথ ক্লাবের বিরুদ্ধে। লিগে মোট ১০টি দল অংশগ্রহণ করেছিল। গ্রুপ ‘‌এ’‌–তে ছিল– রবীন্দ্র সঙ্ঘ, তরুণতীর্থ, নরেন্দ্রনাথ ক্লাব, দাদাভাই স্পোর্টিং ক্লাব ও নেতাজি সুভাষ স্পোর্টিং ক্লাব। গ্রুপ ‘‌বি’‌–তে খেলেছে বাঘাযতীন অ্যাথলেটিক্স ক্লাব, শিলিগুড়ি কিশোর সঙ্ঘ, এনজেপি রেলওয়ে ইনস্টিটিউট, নবীন সঙ্ঘ এবং নবোদয় সঙ্ঘ। লিগ কাম নকআউটের ভিত্তিতে খেলা হয়েছে। প্রতিটি গ্রুপ থেকে দু’‌টি করে দলকে সেমিফাইনালে তোলা হয়েছিল। ফাইনাল খেলা হয় ২৫ জুন।
লিগের চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ ছিল ৩০ হাজার টাকা সহ ট্রফি। রানার্স দলের জন্য ২০ হাজার টাকা ও ট্রফি। ফেয়ার প্লে ট্রফির সঙ্গে দেওয়া হয়েছে ১০ হাজার টাকা। প্রতিটি খেলার সেরা ফুটবলারকে জিতেন্দ্রমোহন দে সরকার নামাঙ্কিত ট্রফি সহ ৫০০ টাকা দেওয়া হয়েছে। এছাড়াও সেরা গোলরক্ষক, সেরা ডিফেন্ডার, সেরা স্ট্রাইকার, প্রতিশ্রুতিমান খেলোয়াড় সহ নানা পুরস্কার ছিল। ফাইনালে লিগের সেরা হয়েছে নেতাজি সুভাষ স্পোর্টিং ক্লাব। রানার্সের শিরোপা পেয়েছে নবান সঙ্ঘ। সেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন অভিজিৎ টপ্পো। সেরা গোলরক্ষক ও ডিফেন্ডারের শিরোপা পেয়েছেন নেতাজির রমেন রায় ও শাহিল প্রধান। সেরা প্রতিশ্রুতিবান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন রাজেশ সিং। সর্বাধিক গোলের জন্য তরুণতীর্থের সাহিত শৈব, বাঘাযতীনের সোনম লেপচা, নবীন সঙ্ঘের পূজন সুব্বা ও নেতাজির অভয় যাদব পুরস্কৃত হয়েছেন। ব্যস্ত নগরী বলে পরিচিত শিলিগুড়ি শহরে ইদানিং দিনের বেলায় দর্শক পাওয়া দুস্কর হয়ে পড়ে। কাজের শেষে ফ্লাড লাইটের অমল আলোয় যেভাবে শিলিগুড়ির মানুষ ক্রিকেট টুর্নামেন্ট দেখেছেন, সেটায় উজ্জীবীত মহকুমা ক্রীড়া পরিষদ রাতের বেলাতেই ফুটবল লিগ করেছিল। তাতেও সাড়া মিলেছে দুর্দান্ত। যা নিয়ে উচ্ছ্বসিত শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের কার্যকরী সভাপতি জয়ন্ত সাহা, সচিব কুন্তল গোস্বামী, সহ–সচিব অনুপ বসু, ফুটবল সচিব সৌরভ ভট্টাচার্য সহ সমস্ত কর্মকর্তারা। 

Leave the first comment