শিলিWOOD, সিনেমা

প্যানোরামায় নির্বাচিত ‘রবীন্দ্র কাব্য রহস্য’, গদগদ শ্রাবন্তী

অক্টোবর 29, 2023

দুরন্ত প্রতিবেদন:‌ খুশির খবর শেয়ার করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে পোস্ট দিয়ে জানান, ‌এবারের আন্তর্জাতিক গোয়া চলচ্চিত্র উৎসবে প্যানোরামা বিভাগে নির্বাচিত হয়েছে শ্রাবন্তী-ঋত্বিক চক্রবর্তী অভিনীত ছবি ‘রবীন্দ্র কাব্য রহস্য’। পরিচালনায় সায়ন্তন ঘোষাল। জানিয়েছেন, ‘সায়ন্তনের ‘রবীন্দ্র কাব্য রহস্য’, ছবিটি ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩-এর অত্যন্ত মর্যাদাপূর্ণ ভারতীয় প্যানোরামার জন্য নির্বাচিত হয়েছে। আমি ছবির নায়িকা। অত্যন্ত উচ্ছ্বসিত এবং সম্মানিত। পুরো টিমকে অনেক অভিনন্দন।’ শ্রাবন্তী পরপর প্রচুর সিনেমা করে টলিউডে প্রতিষ্ঠিত। শীতে শুরু হবে বহু প্রতীক্ষিত শুভ্রজিৎ মিত্রের ‘দেবী চৌধুরাণী’ ছবির শুটিং। ছবিতে তিনি নামভূমিকায়। ইতিমধ্যেই অস্ত্রচালনা, ঘোড়ায় চড়ার প্রশিক্ষণ নিচ্ছেন। তার মধ্যেই খুশির এই খবর।
২০ থেকে ২৮ নভেম্বর ৫৪তম আন্তর্জাতিক গোয়া চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। সেখানে এসকে মুভিজ-এর ছবিটি নির্বাচিত হওয়ায় খুশি গোটা টিম।
“এক রবীন্দ্রভক্ত কবি আর তার প্রতিশোধের গল্প…”, এই ক্যাপশন দিয়ে মে মাসে প্রকাশ্যে এসেছিল ছবির ফার্স্টলুক পোস্টার। পোস্টারে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট্ট ছবির সামনে ‘গীতাঞ্জলি’, ‘সঞ্চয়িতা’। আর নোবেল পুরস্কার। তার পাশেই রক্তাক্ত ছুরি! গল্পের কেন্দ্রীয় চরিত্র হিয়া, অভীক। এই দুই চরিত্রে যথাক্রমে শ্রাবন্তী ও ঋত্বিক। কবিতা লেখার পাশাপাশি অভীক রহস্য সমাধানও করে।
সেই অনুযায়ী, একটি সিরিয়াল কিলিংয়ের মামলার তদন্ত করতে লন্ডনে যায় সে। সেখানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিয়ার সঙ্গে দেখা তার। হিয়া কি এই খুনের মামলায় জড়িত? জবাব লুকিয়ে ছবিতে। খবর, গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে ঋতব্রত মুখোপাধ্যায়কে। ছবি মুক্তির তারিখ এখনও জানা যায়নি।

Leave the first comment