দুরন্ত প্রতিবেদন: গ্যালাক্সি S24 সিরিজে নতুন স্মার্টফোন আনছে স্যামসাং। তবে এই ফোন কোনও সাধারণ 5G স্মার্টফোন হবে না, এতে থাকবে ChatGPT ও Google Bard-এর মতো AI টুল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন ফিচার্স থাকবে ফোনে। স্মার্টফোনেই মিলবে টেক্সট টু ইমেজের সুবিধা।
কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় সাড়া ফেলেছে বিভিন্ন AI টুল। যার মধ্যে দুটি নাম হল – ChatGPT এবং Google Bard। ইন্টারনেটে উপলব্ধ তথ্য থেকে ট্রেনিং পেয়ে মানুষের কাজ সহজ করে তুলেছে এই দুই AI টুল। এমনকী টেক্সট থেকে ছবি বানানোর ক্ষেত্রে দক্ষ চ্যাট জিপিটি, গুগল বার্ড দু’জনই। এমন দুই জনপ্রিয় AI টুল ফোনের মধ্যে রাখতে চলেছে স্যামসাং।
যতদূর জানা গেছে, ২০২৪ সালে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy S24 সিরিজ। সেখানেই নাকি এই দুই ফিচার পাবেন ব্যবহারকারীরা। শুধু তাই নয়, কোম্পানির দাবি, এটি দুনিয়ায় সবথেকে স্মার্ট AI ফোন হতে চলেছে। যদিও Pixel 8 সিরিজে AI ফিচার দেওয়া শুরু করেছে গুগল। কিন্তু স্যামসাংয়ের এই স্মার্টফোনটি প্রথম কোনও মোবাইল ডিভাইস হবে যেখানে চ্যাট জিপিটি ও গুগল বার্ড দুই সুবিধাই পাওয়া যাবে।
মজার বিষয় হল, কিছুদিন আগে কর্মচারীদের চ্যাট জিপিটি ব্যবহার করতে বারণ করে স্যামসাং। ব্যক্তিগত তথ্য ফাঁস হতে পারে সেই সন্দেহে চ্যাট জিপিটি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে তারা। এবার সেই কোম্পানিই ফোনে চ্যাট জিপিটি ও গুগল বার্ডের AI ক্ষমতা যোগ করতে চলেছে।
ফোনে কী ভাবে কাজ করবে?
ইন্টারনেটে গিয়ে বা ওয়েব থেকে লগ ইন করে যে ভাবে চ্যাট জিপিটি ও গুগল বার্ড করেন তা তো থাকবেই, পাশাপাশি দুই টুলের যে AI ক্ষমতা বা সুবিধা রয়েছে তা ফোনের বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। যেমন ক্যামেরা, মেসেজ, কলিং, ব্রাউজিং ইত্যাদি।





