ক্যাম্পাস

ডিসেম্বরে শিলিগুড়ি কলেজে চালু হবে লিফট, নতুন ভবন

অক্টোবর 15, 2023

দুরন্ত প্রতিবেদন:‌ ৭৪ তম প্রতিষ্ঠা দিবসে শিলিগুড়ি কলেজে উদ্বোধন হল নতুন ভবনের। যেখানে অন্তত ২০টি কক্ষ রয়েছে। রয়েছে ২০০ আসনের সেমিনার কক্ষ। কলেজের কলা বিভাগকে এই ভবনে নিয়ে আসার পরিকল্পনা চলছে। খুব দ্রুত বসানো হবে লিফট। যা একটা নজির হবে। উত্তরবঙ্গের আর কোনও সরকারি কলেজে লিফট নেই বলেই জানা যাচ্ছে। এদিন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এই নতুন ভবনের উদ্বোধন করেন। পাশাপাশি কলেজের দুই দিকে দুইটি নজরকাড়া প্রবেশ দ্বার নির্মাণ করা হয়েছে। হচ্ছে পেভার্স ব্লক রাস্তা। মেয়র জানান, সব মিলিয়ে প্রায় ৪ কোটি টাকা খরচ করা হয়েছে। কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষ জানান,‘‌আগামী ডিসেম্বর মাস নাগাদ লিফট চালু হয়ে যাবে। নতুন ভবনে পঠনপাঠনও শুরু করে দেওয়া হবে।’‌ এদিন উদ্বোধন ঘিরে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আয়োজন ছিল অত্যন্ত ঋদ্ধ। কলেজের ম্যাগাজিন প্রকাশ হল। হড়পা বানে সিকিমের পাশাপাশি কালিম্পঙে যে বিপর্যয় হয়েছে সেখানকার দুর্গতদের জন্য কলেজের তরফে এদিন ত্রাণ তুলে দেওয়া হল মেয়রের কাছে। কলেজের বিভিন্ন শাখায় নজির তৈরি করা পড়ুয়াদের সংবর্ধনার পাশাপাশি আর্থিক সাহায্য করা হল। এত আয়োজনের মধ্যে বক্তব্য রাখতে গিয়ে মেয়র জানান, গোটা উত্তরবঙ্গের মধ্যে এটি বড় কলেজ। খুব দ্রুত এই কলেজের দ্বিতীয় ক্যাম্পাসের প্রয়োজন হবে। কিন্তু তখন অর্থ থাকলেও উপায় থাকবে না। তাই এখনি জমি খোঁজা শুরু করুন।’‌ অন্যদিকে শিলিগুড়িতে কোনও সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ নেই। নেই ম্যানেজমেন্ট কলেজ। মেয়রের স্বপ্ন সেই দুটি প্রকল্পও শিলিগুড়িতে করার। তার জন্য তিনি ইতিমধ্যে প্রক্রিয়া শুরু করেছেন বলেও জানান। কলেজ পরিচালন সমিতির সভাপতি জয়ন্ত কর জানান, আমরা শিলিগুড়ি কলেজকে সবদিক থেকে প্রথম স্থানে দেখতে চাই। তার জন্য যতরকম প্রচেষ্টা আমরা চালিয়ে যাব।

Leave the first comment