দুরন্ত প্রতিবেদন: প্রায় কেটে বাদ দেওয়ার মতো অবস্থায় চলে যাওয়া হাত ফিরিয়ে দিলেন শিলিগুড়ির এক শল্যচিকিৎসক। জটিল অস্ত্রোপচারের মাধ্যমে হাত ফিরিয়ে দেওয়ায় খুশিতে আত্মহারা ডুয়ার্সের ৩১ বছর বয়সী মহিলা। জানা গেছে, গত ১২ জুলাই লাটাগুড়ির মাম্পি মজুমদার বাড়ির শোকেজ খুলতে যান। তখন শোকেজের কাঁচ ভেঙে ডান হাতের ওপর পড়ে। এতে করে হাতের প্রধান দুটি স্নায়ু ‘মেডিয়ান নার্ভ’ ও ‘রেডিয়াল নার্ভ’ কাটা পড়ে। সেই সঙ্গে মূল ধমনীও বিচ্ছিন্ন হয়ে যায়। এতে একদিকে যেমন রক্ত আটকানো যাচ্ছিল না, অন্যদিকে মেডিয়ান নার্ভ বিচ্ছিন্ন হওয়ায় হাতের কার্যকারিতাই নষ্ট হয়ে যেতে বসে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে হাতটি কেটে ফেলার আর বিকল্প কিছু ছিল না। অবশেষে শিলিগুড়ি মেডিনিউরো হেল্থকেয়ারের প্লাস্টিক সার্জেন মনোজ কুমার সিং অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন এবং জটিল সেই অস্ত্রোপচারের পর সমস্ত স্নায়ু জোড়া দিতে সমর্থ হন। ফলে মহিলা তাঁর হাত ফিরে পেয়েছেন। মেডিনিউরো হেল্থকেয়ারের ডিরেক্টর ডিম্পল গগৈ ও ম্যানেজার রাজেশ চক্রবর্তী জানান, আমরা এই পরিষেবা দিতে পেরে সন্তুষ্ট।
উল্লেখ্য, মাত্র এক বছর ধরে শিলিগুড়িতে চালু হয়েছে মেডিনিউরো হেল্থকেয়ার নামের নতুন নার্সিংহোম। সেবক রোডের মাখনভোগ মিষ্টান্ন ভান্ডারের বিপরীতের গলিতে। সেভাবে প্রচার না থাকলেও ইতিমধ্যে বেশকিছু জটিল অস্ত্রোপচার নিউরো চিকিৎসা করে সাফল্য দেখিয়েছে। যার জেরে ইদানিং বেশ রোগীর আনাগোনা শুরু হচ্ছে। অন্যান্যা নার্সিংহোমের তুলনায় এখানে চিকিৎসার খরচও কম। ফলে সাধারণ পরিবারের মানুষ এখানে আসতে দ্বিধাও করছেন না।




